সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এ জাম্পারিং কাজের জন্য বুধবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিটে শাটডাউন নেওয়া হবে।
এর ফলে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের আওতাধীন এলাকায় মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হবে। এই সময়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের অধীনস্থ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িকভাবে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।


