ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের উন্নয়নে বরাদ্দ বহুগুণ বাড়ানো হবে’

সিলেট ব্যুরো
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের সার্বিক উন্নয়নে বরাদ্দ বহুগুণ বাড়ানো হবে এবং পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মনে করেন, বিগত দিনে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই সিলেট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বিগত দিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘মেয়র হিসেবে পূর্বসূরিদের সঙ্গে তুলনা করলে, আরিফুল হক চৌধুরীর পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাকে একশতে একশ’ নম্বর, অর্থাৎ ‘হাই মার্ক’ দিতেই হবে।’

তিনি আরও বলেন, ‘আমি তার উত্তরসূরি (আনোয়ারুজ্জামান চৌধুরী)-এর সঙ্গে তুলনা করব না, কারণ তিনি মাত্র পাঁচ-ছয় মাস দায়িত্ব পালন করেছেন। তবে তার পূর্বসূরি বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সরকারি দলের বাইরে থেকে বিরোধী দলের মেয়র হয়েও আরিফুল হক চৌধুরী যে পরিমাণ উন্নয়ন কাজ করেছেন তা সত্যিই বিস্ময়কর।’

রাষ্ট্রকাঠামো নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন, অতীতে অন্য কেউ তা পারেননি। দেশের বর্তমান অগোছালো অবস্থা থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপিকে ভূমিকা পালন করতে হবে।’

সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।