দীর্ঘ ৭ বছরের অপেক্ষার পর আবারও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীকাল (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দ্বাদশ আসরের সিলেট পর্ব।
ছয় দলের অংশগ্রহণে এবারের বিপিএলে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর সিলেটের মাঠে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাসও বেশি।
স্টেডিয়ামের গ্যালারি ও প্রেসবক্স ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে, উইকেট ও আউটফিল্ডে চলছে শেষ পর্যায়ের সংস্কার ও ঘাস পরিচর্যার কাজ।
কালোবাজারি রোধ করতে এবার ১০০% টিকিট অনলাইনে বিক্রি হবে। বিসিবি জানিয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের নিরাপত্তা ও আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী জানান, উদ্বোধনী দিনে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজন করা হবে।
বিসিবির পরিচালক রাহাত শামস বলেন, অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং এবারের সফল আয়োজনের মাধ্যমে বিপিএলের জৌলুশ দ্রুত ফিরিয়ে আনা হবে।
উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত ছিল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সব প্রস্তুতি শেষে এখন মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। দীর্ঘ ৭ বছর পর আবারও সিলেটে ক্রিকেট উৎসবের আবহ তৈরি হবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


