সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলমের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সকাল থেকেই বিএনপি ও জোট শরিক দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন দাখিল শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। এ সময় তিনি বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোট দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।’
তিনি আশা প্রকাশ করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ জোট প্রার্থীদের প্রতি তাদের সমর্থন জানাবে।
তিনি আরও বলেন, ‘সিলেট-৫ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে একটি মানবিক সমাজ গঠনে আমি কাজ করতে চাই। জনগণের আস্থা ও দোয়া নিয়ে নির্বাচনি মাঠে এগিয়ে যেতে চাই।’
এ সময় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনি প্রচারণা শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে এবং সাধারণ মানুষের কাছে জোটের রাজনৈতিক কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হবে।

-20251229175337.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন