ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিলেটে শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সিলেট
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৩:৪০ পিএম
কামরান আহমদ সজল। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে এক শীর্ষ ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কোতোয়ালী থানার বন্দরবাজার এলাকার জেল রোডে তোফা এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে ওই ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরান আহমদ সজল মৃত আবদুল কাদিরের ছেলে। তার বাড়ি সিলেট জেলার শাহপরান (রহ.) থানার শিবগঞ্জ সেনপাড়া এলাকায়।

পুলিশের সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ মোট ২০টি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।