সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭ নম্বরের একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রবিউল হাসান (২৫), সাহাদৎ হোসেন (১৯), অন্তর (১৯) ও আলীমুর রাজি (৩২)। তাঁদের বাড়ি টাঙ্গাইল ও জামালপুর জেলায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে কেভারি মেহেদি, পন্ডস ফেসওয়াশ, কেও কার্পিন অলিভ অয়েল, ইমামি সেভেন অয়েল ও মুচস্ট্যাক ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনী। জব্দ করা মাইক্রোবাসসহ মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৭৭ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক চারজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন