ফ্লাইট বাতিলের কারণে অনেক প্রবাসী বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে।
শনিবার (৭ মার্চ) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় প্রবাসীরা মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে যারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট দেশের সরকারকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়মিত খোঁজখবর রাখছে এবং প্রধানমন্ত্রীও সার্বক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, হোলি উৎসব মণিপুরী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসব। মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।

