জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের বিভিন্ন তেল ডিপোতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ডিপোগুলোতে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বিজিবি জানায়, গত ২৫ মার্চ থেকে সিলেট শহরের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেল ডিপোতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) থেকে এক প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ডিপোর অভ্যন্তরীণ ও পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। এর মাধ্যমে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে কাজ করা হচ্ছে।
বিজিবি কর্মকর্তারা জানান, বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই তেল পাচার হতে না পারে। এ লক্ষ্যে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন করা হবে। ডিপোগুলোতে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
জাতীয় সম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
-20260328105724.webp)
-20260328152558.webp)

