ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গ্রেনেড হামলা মামলায় আদালতে আরিফ, বাবর ও গউছ

সিলেট ব্যুরো
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:৩৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সুরঞ্জিত সেনগুপ্তের ওপর ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিতে মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

আদালতে হাজির হয়ে তারা শুনানিতে অংশ নেন। এর আগে তিনজনই বিমানযোগে সিলেটে পৌঁছান।

মামলার আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় একজন নিহত ও ২৯ জন আহত হন।

তিনি জানান, এই মামলায় আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামিরা নিজেদের বক্তব্য দেন। এ সময় তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। পরে আদালত ২১ এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। সে সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

ওই হামলায় যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও ২৯ জন আহত হন। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ঘটনার পর দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

পরে দীর্ঘ তদন্ত ও শুনানির ধারাবাহিকতায় ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও জি কে গউছসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন। এর আগে মামলার বিভিন্ন ধাপে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ ও অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।