ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাতের আঁধারে কৃষকের সবজিখেতে দুর্বৃত্তের হানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের সবজি খেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন প্রবাসফেরত কৃষক নুরুল আমিন (২৬)।

বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে জীবিকার তাগিদে কৃষিকাজ শুরু করেন নুরুল আমিন। অন্যের জমি বর্গা নিয়ে মৌসুমি সবজি চাষের মাধ্যমে সংসার চালিয়ে আসছিলেন তিনি। সম্প্রতি বাড়ির পাশের এক বিঘা জমিতে ঢেঁড়সের আবাদ করেন। ক্ষেতজুড়ে ভালো ফলন হওয়ায় লাভের আশা করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা শত্রুতাবশত তার পুরো খেতের বিক্রিযোগ্য ঢেঁড়স কেটে ফেলে রেখে যায়। কাটা হয় পাশের কলাগাছগুলোও।

ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল আমিন বলেন, ওমান থেকে দেশে ফিরে কৃষিকাজে মনোনিবেশ করি। অনেক কষ্ট করে এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছিলাম। আশা ছিল ভালো লাভ হবে। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তরা আমার পুরো খেত নষ্ট করে দিয়েছে। আমি কারো কোনো ক্ষতি করিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।