ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জৈন্তাপুরে সড়কে নিহত অষ্টম শ্রেণির ছাত্র, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসএসসি পরীক্ষার্থী

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় আরও এক এসএসসি পরীক্ষার্থী।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের খান চা বাগানের তন্দুর গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীন (তফাজ্জল) এর ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলেই নিহত হয়। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এ সময় একই গ্রামের অপর আরোহী তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়। তিনি একজন এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা আলী আহমেদ।

তবে দুর্ঘটনাটি প্রাইভেট কার নাকি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘটিত হয়েছে—এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় একটি তেল পাম্পে পুলিশ একটি ডাম্প ট্রাক আটক করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একটি সাদা রঙের প্রাইভেট কার দ্রুত স্থান ত্যাগ করতে দেখি। তবে ঘটনাটি ট্রাক না কি কারের কারণে হয়েছে, তা নিশ্চিত নই। পরে আমরা কয়েকজন মিলে আহতদের সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে পাঠাই।

তামাবিল হাইওয়ে পুলিশের ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি ট্রাক আটক করা হয়েছে। ট্রাকে ঘটনার আলামত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের সঙ্গেই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।