টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে হেরোইনসহ মজিবর রহমান (৬৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হেরোইন উদ্ধার করা হয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৯) দীর্ঘদিন ধরে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত।
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের নেতৃত্বে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন