ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, ‘বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। তখন বাসে আরও দুজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নেমে গেলে কলেজছাত্রীকে জোরপূর্বক আটকে রেখে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে রাতভর ওই নারীকে গণধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয়।’
তিনি আরও জানান, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকায় হাইওয়ে পুলিশ বাসটি আটক করে। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়।’



