দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফরমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে লুৎফরমান খান আজাদ এবং টাঙ্গাইল–৫ (সদর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন