নিজের স্বপ্ন ও ইচ্ছা পূরণে স্ত্রী-সন্তানকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরলেন লাল মাহমুদ নামের এক ইতালিপ্রবাসী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে হেলিকপ্টারযোগে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লায় এসে বাড়ির সামনে নামেন তিনি। এর আগে তিনি একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
লাল মাহমুদ ওই গ্রামের সালামত হাজির ছেলে।
জানা গেছে, লিবিয়া থেকে লাল মাহমুদ ইতালিতে পাড়ি জমান। ইতালি থেকে প্রায় ১৩ বছর পর একটি ফ্লাইটে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে উপস্থিত থাকা স্ত্রী-সন্তানকে নিয়ে তিনি হেলিকপ্টারযোগে বাড়িতে ফেরেন। হেলিকপ্টারে চড়ে আসার খবর পেয়ে আত্মীয়স্বজন ও স্থানীয়রা বাড়ির সামনে ভিড় জমান। হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করা হয়। নিরাপত্তার স্বার্থে বাসাইল থানা পুলিশের কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
ইতালিপ্রবাসী লাল মাহমুদ বলেন, ‘২০১৪ সালে লিবিয়া থেকে ইতালিতে যাই। ইতালি যাওয়ার পর প্রথম দেশে ফিরলাম। মনে একটা আবেগ ছিল, স্বপ্ন ছিল। সে কারণে হেলিকপ্টারের উদ্যোগ নিই। হেলিকপ্টারে আসার জন্য আমার পরিবার ও আমি নিজেও অনেক খুশি হয়েছি। যেসব প্রবাসী দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের মনেও একটা আবেগ আছে।’
ইতালিপ্রবাসী লাল মাহমুদের মা শেফালি বেগম বলেন, ‘গ্রামের মধ্যে এই প্রথম আমার ছেলে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছে। এ কারণে আমি অনেক খুশি হয়েছি। মা হিসেবে আমার অনেক ভালো লেগেছে, অনেক আনন্দিত হয়েছি।’

