টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী (৫০) নিহতের ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নিহতের স্ত্রী শাহনাজ পারভীন গোপালপুর থানায় এ মামলা করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই আল হাদী উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী মাহবুব আলী ও তার লোকজনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার রাতে বাড়ির ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে মাহবুব আলীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আব্দুল হাই আল হাদীকে মারধর করে গুরুতর আহত করে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী শাহনাজ পারভীন স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

