ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ডাঙ্গীপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের পরিবারের সদস্যরা রান্না করা গরম ভাত ও তরকারি খেতে বসেন। খাওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে সবাই অচেতন হয়ে পড়লে পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অসুস্থদের মধ্যে রয়েছেন: রহমতপুর গ্রামের বিমল চন্দ্রের স্ত্রী ললিতা রানী (৩৪), প্রদীপ চন্দ্রের স্ত্রী নিলমা রানী (৪৫), জেলে বিমল চন্দ্র, মৃত হাবিল চন্দ্রের ছেলে পদেন চন্দ্র (৭৫), মৃত প্রফুল্ল চন্দ্রের স্ত্রী বিষকা রানী (৫০), পদেন চন্দ্রের স্ত্রী ভোকা রানী (৭০), পদেন চন্দ্রের ছেলে কমলাকান্ত, বিমল চন্দ্রের ছেলে শপ্ত (৫), মেয়ে জয়িতা (১০), জয়া (৮) এবং হেবলা চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র (২৭)।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক, আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে কোনো চেতনানাশক বা বিষাক্ত উপাদান থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। বর্তমানে অসুস্থ সবাই চিকিৎসাধীন রয়েছেন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন