ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ইটভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৭:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী একটি ইটভাটার চিমনি ভেঙে দিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোপলা খামার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্কেবেটর দিয়ে মেসার্স এম এফ ব্রিক্স নামক অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়।

এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইটগুলোতে পানি দিয়ে নষ্ট করে দেন।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। এ অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামীম হাসান।

এ ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ব্যাটেলিয়ন এবং জেলা পুলিশের একটি চৌকস দলও উপস্থিত ছিল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামীম হাসান জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালানো হচ্ছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়া ভাটা পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ দূষণসহ ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’