ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা ক্রমে বাড়ছে। কয়েক দিন ধরে হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের মতে, ঠাকুরগাঁওয়ে শীত শুধু রাতেই নয়; সকাল ও সন্ধ্যায়ও প্রভাব ফেলছে। সূর্য উঠলেও ঠান্ডা বাতাস বইতে থাকায় অনেকে সকালে আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন। তবে দুপুরের সময় স্বাভাবিক তাপমাত্রা মানুষকে কিছুটা স্বস্তি দেয়।
তীব্র শীতের প্রভাবে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে প্রতিদিনই রোগীরা হাসপাতালে ভিড় করছেন। চিকিৎসক শীতজনিত রোগে আক্রান্তদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আলমগীর কবীর জানান, বর্তমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কৃষি বিভাগ থেকে কৃষকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে বোরো ও শীতকালীন ফসল রক্ষায় বাড়তি সতর্কতা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।


