ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিদ্রোহী প্রার্থী জেড মর্তুজা চৌধুরী তুলা অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানান, ‘দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক নির্বাচনি কৌশলের অংশ হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা বা কেন্দ্রীয় কোনো নেতা আনুষ্ঠানিক মন্তব্য করেননি।’

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে বিএনপির দলীয় প্রার্থী ডা. আব্দুস সালামের অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনি মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে থাকবে।