নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ-১)-এ চিকিৎসাধীন আছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন।
এর আগে দুপুরের দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ টাকা জব্দ করে এবং তাকে হেফাজতে নেয়। এ সময় তার সঙ্গে জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নানও ছিলেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম রেজা জানান, গণনা শেষে ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে সম্পৃক্ত এবং ব্যবসায়িক প্রয়োজনে এই অর্থ বহন করছিলেন বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. আজহারুল ইসলাম জানান, তার রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদস্পন্দনে অনিয়ম দেখা দিয়েছে। ইসিজি রিপোর্টে সমস্যার ইঙ্গিত পাওয়া গেছে। ইকোসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট হাতে এলে তার শারীরিক অবস্থার প্রকৃত অবস্থা জানা যাবে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানান চিকিৎসকরা।
অন্যদিকে রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল দাবি করেন, বেলাল উদ্দিন একজন প্রবীণ ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মেনেই তিনি অর্থ বহন করছিলেন বলে তাদের দাবি। তবে অজ্ঞাত কারণে তাকে আটক করা হয়েছে এবং মানসিক চাপে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বেলাল উদ্দিনের বয়স ৬০ বছরের বেশি এবং আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন বলেও জানান তিনি।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম দবিরুল ইসলাম। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকরা নিবিড়ভাবে নজরদারি করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন