ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিনি পাম্পে তেল মজুত করে বেশি দামে বিক্রি, অভিযানে সিলগালা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৯:৪০ এএম
মিনি তেল পাম্পটি। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের সন্ধান পেয়েছে প্রশাসন। ওই পাম্প থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করেছে। এ সময় অভিযানের টের পেয়ে পাম্পটির মালিক পালিয়ে যান।

শনিবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার রহিমানপুর মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ঠাকুরগাঁও রোডের কাদের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের মালিক আব্দুল কাদেরের ছেলে আফজাল হোসেন তাদের পাম্প থেকে পেট্রোল ও অকটেন এনে রহিমানপুর মাদ্রাসা বাজার এলাকার একটি দোকানের ভেতরে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত করে ৩০০ টাকা লিটার দরে বিক্রি করে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম গভীর রাতে আফজাল হোসেনের গুদামে অভিযান চালান।

অভিযানকালে রাস্তার পাশে শাটার টানা একটি দোকানের ভেতর থেকে একটি তেল বিক্রির মেশিন, মাটির নিচে গর্ত করে বসানো পানির ট্যাংক এবং তেল পরিবহনের জন্য ব্যবহৃত একাধিক জারকিন উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আফজাল হোসেন পালিয়ে যান।

এ সময় ইউএনও খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কথিত মিনি তেল পাম্প, তেল সংগ্রহ ও বিক্রির সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করেন এবং দোকানঘরটি সিলগালা করে দেন। পরে স্থানীয় ইউপি সদস্যকে দেখাশোনার দায়িত্ব দিয়ে জিম্মায় রাখা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।