ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে নেকমরদ বাজারের গরুহাটি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেকমরদ চৌরাস্তা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্টদাতা বিধান রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানা যায়, রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা গ্রামের বাসিন্দা মলিন চন্দ্র রায়ের ছেলে বিধান রায় (২৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

-20260401213945.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন