রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশীষ জোয়ার্দার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা আশীষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আশীষ জোয়ার্দারের বাড়ি মাগুরা জেলায়। তিনি যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ১ নম্বর গেটে থাকতেন। যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় ভ্যানগাড়িতে জামাকাপড় বিক্রির একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন তিনি। তাদের মূল দোকান যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অবস্থিত। শনিবার রাতে গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে তার সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। এসব দেখে ফ্লাইওভারের নিচে তিন-চার ছিনতাইকারী তার পথরোধ করে। কিছু দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা আশীষের বুকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরিবার জানিয়েছে, একটি আইফোন, নগদ টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে। পালানোর সময় পথচারীর ধাওয়ায় এক ছিনতাইকারী বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর এবং নাম-পরিচয় জানাতে পারছে না।
তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

-20251221073730.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন