ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাসার ছাদে ধূমপানে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, যুবক আহত

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:২৭ পিএম
ছুরিকাঘাত। প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর একটি বাসার ছাদে ধূমপানে বাধা দেওয়ায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে মো. রিয়াদ (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় একজন ক্যামেরা টেকনিশিয়ান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আহতের সহকর্মী মো. সোহান জানান, গত রাতের দিকে কদমতলীর শনির আখড়ার পলাশপুর এলাকার সিকদার ভিলার পঞ্চম তলার ছাদে অজ্ঞাত এক যুবক ধূমপান করছিলেন। এ সময় রিয়াদ ধূমপানে বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে ওই অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের মাথা, বুকের বাম পাশ ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসা শুরু হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, আহত রিয়াদের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতপুর উপজেলার উত্তর জয়নগর খাসের হাট গ্রামে। তিনি রুমান খন্দকারের সন্তান। বর্তমানে তিনি কদমতলীর শনির আখড়ার পলাশপুর এলাকার সিকদার ভিলায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি কদমতলী থানাকে অবগত করা হয়েছে।