রাজধানীর শ্যামপুর থানার জু্রাইন বালুর মাঠ এলাকায় অজ্ঞাতপরিচয় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম বলেন, আমার স্বামী পেশায় একজন ভ্যানচালক। রাতে ভ্যান চালিয়ে জুরাইন বালুর মাঠ এলাকা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি ভ্যানকে ধাক্কা দেয়। আমার স্বামী গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমার স্বামীর গ্রামের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন থানায়। তিনি খাসিরহাট এলাকার আনিসুল হকের সন্তান। বর্তমানে শ্যামপুরে জুরাইন বালুর মাঠ এলাকায় থাকি। আমার এক ছেলে ও তিন মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
-20260112200409.webp)

