রাজধানীর গুলশানে নির্মাণাধীন একটি ভবন থেকে রড পড়ে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. আশফাকুজ্জামান চৌধুরী। তিনি জি ই হেলথ কেয়ারের লজিস্টিক অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় কনকর্ড গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম কামাল উদ্দিন (৭২) এবং ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল (৪৫)-কে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ওপর থেকে রড পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় আশফাকুজ্জামানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন