ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে লাগা আগুন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ৭টা ২২ মিনিটে। কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের চেষ্টায় ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
পাঁচতলা ওই আবাসিক ভবনের পঞ্চম তলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের গুদামে আগুন লাগার কথা বলেন তিনি। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।
এর আগে, শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ০৭ মিনিটে রাজধানীর মহাখালীর আমতলী এলাকার একটি ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল ফারুক রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় একটি বহুতল ভবনে সন্ধ্যা ৭টা ০৭ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে সময় লাগতে পারে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন