ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাহবাগে হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৩৭ পিএম
আহত ঢাকা–১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। ছবি- সংগৃহীত

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে শাহবাগে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন রনি। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

একপর্যায়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য মহিউদ্দিন রনির ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও বেধড়ক মারধর করা হয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।

পরে ইনকিলাব মঞ্চের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মহিউদ্দিন রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করবেন।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ফের পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।