ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন এলাকার সব ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, শোরুম, রেস্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড ও ডিজিটাল বিজ্ঞাপনফলক বাধ্যতামূলকভাবে বাংলায় লেখার নির্দেশনা জারি করেছে।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএসসিসি জানায়, সংবিধান ও আদালতের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রভাষা বাংলার যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক প্রতিষ্ঠানে ইংরেজি ও অন্যান্য বিদেশি ভাষার প্রাধান্য বাড়ছে। অনেক সাইনবোর্ডে বাংলা সম্পূর্ণ অনুপস্থিত, আবার কোথাও বাংলা থাকলেও তা খুব ছোট আকারে লেখা হচ্ছে।
এই পরিস্থিতি পরিবর্তন করতেই কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—
- দূতাবাস, বিদেশি সংস্থা ও তাদের সংশ্লিষ্ট বিশেষ ক্ষেত্র ব্যতীত ডিএসসিসি এলাকার সব প্রতিষ্ঠানের নামফলক ও সাইনবোর্ড বাংলায় লিখতে হবে।
- ডিজিটাল বিজ্ঞাপনফলক, এলইডি ডিসপ্লে বোর্ড এবং বিলবোর্ডেও বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।
- যেসব প্রতিষ্ঠানে এখনও ইংরেজি বা অন্য বিদেশি ভাষায় সাইনবোর্ড রয়েছে, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত তা অপসারণ বা সংশোধন করতে হবে।
- শুধুমাত্র ইংরেজিতে লেখা বোর্ড গ্রহণযোগ্য হবে না; বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে।
ডিএসসিসি স্পষ্টভাবে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আরোপ কিংবা অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এছাড়া নিয়মিত তদারকির মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।
ভাষা আন্দোলনের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে বাংলা ভাষার মর্যাদা রক্ষা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। সিটি করপোরেশনের এই পদক্ষেপকে অনেকেই রাষ্ট্রভাষার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার উদ্যোগ হিসেবে দেখছেন।
ডিএসসিসি বলছে, ব্যবসা-বাণিজ্য বা ব্র্যান্ডিংয়ের প্রয়োজনে অন্য ভাষা ব্যবহার করতে হলে সেটি বাংলার পাশাপাশি উপযুক্তভাবে উপস্থাপন করতে হবে, তবে বাংলা ভাষা যেন অবহেলিত না হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন