রাজধানীর শেরেবাংলা নগরে চুরির চেষ্টা রুখে দিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গতকাল ২০ মার্চ রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনের সময় এক আনসার সদস্য আহত হলেও পিছু হটেননি তারা। শেষ পর্যন্ত দুই চোরকে আটক করতে সক্ষম হন বাহিনীর সদস্যরা।
জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিচতলায় এক ব্যক্তি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তার অপর এক সহযোগী বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকে তারা পানির কল ভাঙার চেষ্টাকালে শব্দে সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের নজরে আসে বিষয়টি।
তৎক্ষণাৎ এপিসি মো. কাওসার হোসেন এবং আনসার সদস্য মো. আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছান এবং চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন।
এ সময় চোর চক্রের এক সদস্য হাতের থাকা পানির কল দিয়ে এপিসি কাওসার হোসেনের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। তবে নিজের আঘাতের তোয়াক্কা না করে সহকর্মীদের সহায়তায় অত্যন্ত সাহসিকতার সাথে দুই চোরকেই জাপটে ধরেন তিনি।
আটককৃত দুই ব্যক্তির নাম রেজাউল (২৯) এবং মো. রাতুল (১৯)। ঘটনার পরপরই তাদের শেরেবাংলা নগর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, আহত আনসার সদস্য কাওসার হোসেনকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই লেগেছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।
বিবৃতির মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।


