রাজধানীর তেজগাঁও থানার সাওদান গ্রুপ কোম্পানির সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইমন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ওমর ফারুক (২০) আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. শরীফ হাসান জানান, তেজগাঁওয়ের সাওদান গ্রুপ কোম্পানির সামনে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ইমন ও ফারুক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
নিহত ইমনের দুলাভাই সাদ্দাম হোসেন জানান, ইমন তার মামার মোটরসাইকেল নিয়ে বন্ধু ওমর ফারুকের সঙ্গে রাতে ঘুরতে বের হয়েছিল। রাত ২টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে ইমনের মরদেহ দেখতে পান।
তিনি আরও জানান, ইমন সিদ্ধেশ্বরী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুগদার মান্ডা মধ্যপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ফারুককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহত ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

-20260328114737.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন