রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন: মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)।
বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তাদের নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২-এর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে চারজন দগ্ধ হন। পরে আমরা তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। তারা চারজনই এসির মিস্ত্রি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর এলাকা থেকে দগ্ধ হয়ে চারজন এখানে এসেছেন। তাদের সবার ড্রেসিং চলছে। এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। কিছুক্ষণ পর দগ্ধের পরিমাণ জানানো যাবে বলেও জানান তিনি।


