রাজধানীর ডেমরা এলাকার আমুলিয়ায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
প্রাথমিকভাবে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানানো হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আমুলিয়া মডেল টাউন এলাকার কারখানাটি টিনশেডের ছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


