রাজধানীর রামপুরায় ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা। দুর্বৃত্তদের টানে তার একটি কান গুরুতরভাবে ছিঁড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা কানে সাতটি সেলাই দেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সেদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এ উৎসবমুখর পরিবেশ ছিল। সেই আয়োজন দেখতে এফডিসিতে গিয়েছিলেন একসময়কার জনপ্রিয় এই অভিনেত্রী।
রাতের দিকে বনশ্রীর বাসায় ফেরার পথে রামপুরা বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার পিছু নেয়। হঠাৎ করেই তারা কানের দুল টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভয়াবহভাবে কান ছিঁড়ে যায় তার। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
হাসপাতাল থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় আতঙ্কিত কণ্ঠে রঞ্জিতা জানান, শিল্পী সমিতির নির্বাচন বরাবরই শিল্পীদের কাছে উৎসবের মতো। সেই আবহ উপভোগ করতেই তিনি এফডিসিতে গিয়েছিলেন। তবে বাসায় ফেরার পথে আচমকা হামলার শিকার হয়ে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আশির দশকের শেষ দিকে রাজ্জাক পরিচালিত ঢাকা ৮৬ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। প্রথম সিনেমাতেই অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। পরবর্তীতে রাজা মিস্ত্রী ও জ্বীনের বাদশাসহ প্রায় ৩০টির মতো সিনেমায় অভিনয় করেন তিনি। ২০০৫ সালের পর ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন এই অভিনেত্রী।
বর্তমানে বনশ্রীতে নিজের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ভাইকে নিয়ে বসবাস করছেন রঞ্জিতা। তার ওপর এমন নৃশংস হামলার ঘটনায় চলচ্চিত্র অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন