রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে আরও ইউনিট পাঠানো হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

