রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়।
তবে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। এছাড়া ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভানোর কাজেও কিছুটা সমস্যা দেখা দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

