ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মকবুল হোসেন (৫৪) নামের একজন কয়েদি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
বুধবার (৩ জুন) বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী নাজমুল হোসেন জানান, মকবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে বিকেল ৩টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মকবুল হোসেনের কয়েদি নম্বর ৬২৩০। তবে তিনি কোন মামলায় কারাভোগ করছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন