রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ, যিনি ‘কাইল্লা পলাশ’ নামে পরিচিত ছিলেন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই পলাশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১২ জুন দুপুরে রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীত পাশে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত পলাশের স্ত্রী মাহমুদা খানম হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় জিসান আহমেদ মন্টি নামের একজনকে প্রধান আসামি করা হয়েছে বলে জানা গেছে। এজাহারে তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

