চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির সতর্ক অবস্থান ও বাধার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর ওই ২০ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছেন বলে জানা গেছে।
বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিজিবির টহল দলের দ্রুত তৎপরতায় পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটক বা অবস্থানরত ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, ৪ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

