ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৫৪ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এক ঘণ্টার খেলায় প্রতিপক্ষ আর্জেন্টিনা সমর্থকদের জালে ৩ গোল দিয়ে প্রথম ট্রফি জিতে নেয় ব্রাজিল সমর্থকরা। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকরা করতে পেরেছে ২ গোল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর স্পোর্টিং ক্লাব এ ফুটবল ম্যাচের আয়োজন করে। স্থানীয় হাজী আমজাদ আলী পাটওয়ারী ওয়াকফ এস্টেট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় দুই দলের সমর্থিত শত শত দর্শক খেলা উপভোগ করেন।

ম্যাচের আয়োজক ছিলেন দক্ষিণ মজুপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, কৃষকদল নেতা নাছির আলম মিশন। তিনি বলেন, প্রতি ৪ বছর পরপর বিশ্বব্যাপী বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন সমর্থকরা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি দর্শকদের ব্যাপক সমর্থন দেখা যায়। ফুটবলের এই উন্মাদনাকে আরও ছড়িয়ে দিতে এলাকাভিত্তিক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। তাই দুই দলের মধ্যে এক দলের খেলোয়াড়রা ব্রাজিলের সমর্থক, অন্য দলের খেলোয়াড়রা আর্জেন্টিনার সমর্থক।

তিনি আরও বলেন, যুবক, ছাত্র ও কিশোরদের মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে তাদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। এতে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে।

উপস্থিত দর্শকরা জানান, ফুটবল বিশ্বকাপ মানেই এক অবিশ্বাস্য উন্মাদনা। আর বাংলাদেশে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ মানেই অন্যরকম এক উৎসব। এলাকাভিত্তিক এই ফুটবল ম্যাচের আয়োজন সত্যিই একটি চমৎকার উদ্যোগ, যা এই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলবে।