রাজধানীর বারডেম-২ (নারী ও শিশু) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর চুরি যাওয়া মোবাইল ফোন দ্রুত উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মো. মিন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের ভেতর থেকে এক নারী সেবাগ্রহীতার ব্যবহৃত Realme C30 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে তিনি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যদের ইনচার্জ প্লাটুন কমান্ডার (পিসি) মো. সোহরাব হোসেনের কাছে অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পরপরই পিসি সোহরাব হোসেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে চুরি যাওয়া মোবাইল ফোনসহ মো. মিন্টু মিয়াকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং চুরি-ছিনতাই ও দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের ফলে হাসপাতাল এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন