ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হামলাকারীদের শনাক্ত করেছে পুলিশ। তারা দ্রুতই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। কাজ চলছে।
এদিকে পরিবারের ইচ্ছায় তাকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা জানান, তার একটি অপারেশন সম্পন্ন হয়েছে। অর্গান কাজ করছে। আশা করছি এখনই আর অপারেশন লাগবে না।
এ সময় তিনি হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।

