রাজধানীর কদমতলীতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। তার নাম মালা আক্তার (৩০)।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে কদমতলী থানাধীন পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল নাহার জানান, খবর পেয়ে পুলিশ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন আবুল বাশারের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মালা আক্তারকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে স্বজনদের কাছ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে।
নিহত মালা আক্তারের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার বেদবাবাদ শিলুয়া গ্রামে। তিনি ওই বাসায় স্বামী জিয়া উদ্দিনের সঙ্গে ভাড়াটে হিসেবে বসবাস করতেন।


