ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢামেক জরুরি বিভাগের পাশ থেকে অচেতন এক নারী উদ্ধার, পরে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:০১ পিএম
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের টিনশেডের নিচ থেকে অচেতন অবস্থায় এক নারীকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ৪২ বছর হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে সিআইডি ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে।

তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।