রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় ২৪ ঘণ্টায় ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ার সময় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পরিচালক কমিশনার মুহাম্মদ রহমান। তিনি বলেন, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতা-কর্মী রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় আসামি হিসেবে আটক করা হয়েছে আরও ৩৭৭ জনকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলমান কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
এদিকে জননিরাপত্তা জোরদার করতে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর প্রবেশ ও বহির্গমনের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে অভিযান চালিয়ে মোট ৭৬৯টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন