ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢামেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:৩৪ এএম
নিহত নারী। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সিএনজি করে এনে অজ্ঞাতনামা (২২) এক অচেতন নারীকে ফেলে রেখে পালিয়ে গেছে এক ব্যক্তি।

সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, ধারণা করা হচ্ছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরুরি বিভাগের সামনে একটি সিএনজি করে এক ব্যক্তি ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে জরুরি বিভাগের এক টলিম্যান তাঁকে বিষয়টি জানালে তিনি ওই নারীকে অচেতন অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি এক ব্যক্তি সিএনজি করে ওই নারীকে জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়। পরে বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। নিহত নারীর থুতনির নিচে গলায় কালো দাগ রয়েছে।

ধারণা করা হচ্ছে, তাঁকে কোনো কিছু দিয়ে বেঁধে বা ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি এবং প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।