ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০২:৪০ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬-এ পৌঁছেছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন—ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ছাড়া হারেসের স্ত্রী ও রাহাবের মা নিহত হয়েছেন। তবে বাকি তিনজনের নাম এখনো জানা যায়নি।

ওসি রফিক আহমেদ জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা ভবনটির পাঁচতলায় ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, নিহতদের পুরো নাম-পরিচয় নিশ্চিত করতে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ছাড়া মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।