ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মিরপুরে আগুন লাগা ভবনে আটকে আছে বেশ কয়েকজন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৩:৩৭ পিএম
ভবনে আটকে পড়া মানুষদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা ভবনটির ভেতরে এবং ছাদে বেশ কয়েকজন আটকে আছে। তাদের দ্রুত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে প্রথম ইউনিট পৌঁছে আগুন ‍নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি আরও জানান, মিরপুর স্টেডিয়ামের বিপরীতে ১১ তলা ভবন এল এ প্লাজার তৃতীয় তলায় এ আগুন লাগে। বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমানে আগুনের তীব্রতা কমে এসেছে। এখন আর আগুনের শিখা দেখা যাচ্ছে না, শুধু ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ, উৎপত্তিস্থল এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।