প্রযুক্তিনির্ভর বিশ্বের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বিশ্ববিদ্যালয়টির অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদের অধীনে পরিচালিত এ নতুন প্রোগ্রামের জন্য ২৪ জুন ২০২৬ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন, যুগোপযোগী ও কর্মমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে কাজ করে আসছে আইএসইউ। নতুন এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সে দক্ষ প্রকৌশলী তৈরি করা হবে, যারা দেশের প্রযুক্তি খাতের পাশাপাশি আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদাও পূরণে সক্ষম হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
১৫২ ক্রেডিটের এ প্রোগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবোটিকস এবং সাইবার সিকিউরিটিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে পাঠদান করা হবে। এছাড়া গবেষণা, আধুনিক ল্যাবভিত্তিক শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট প্রকল্পে অংশগ্রহণের সুযোগও থাকবে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য ওয়েভারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্তমানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে রয়েছে বিবিএ ও এমবিএ, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এএমএম) বিভাগ। এছাড়া ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ, ব্যাচেলর অব ল' (এলএলবি অনার্স) এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য আগ্রহীরা আইএসইউর ওয়েবসাইট অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন